Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মিসরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কায় নিহত ৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

মিসরের গিজা শহরের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। দ্বিতীয় ট্রেনটি তখন রেললাইনে দাঁড়িয়ে ছিল। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধারকর্মীরা উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করেন। ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নিতে ঘটনাস্থলে ভারী ক্রেন পাঠানো হয়।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে জবাবদিহির আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।

দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের চিকিৎসা দিতে দুর্ঘটনাকবলিত এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Egypt Train Accident-1স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাত পেয়েছেন। মিসরের রেড ক্রিসেন্ট দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জরুরি সহায়তা এবং মানসিক সহযোগিতা দিচ্ছে।

গিজার আল-আয়াত এলাকায় কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিসরের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনাটিও ঘটেছিল এ এলাকার কাছাকাছি। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন। তবে কোনো কোনো হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি।

এ ছাড়া ২০০৯ সালে একই এলাকায় দুটি পৃথক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত হন। সর্বশেষ দুর্ঘটনার পর রোববার মিসরে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।

এদিকে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিসরের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

মিসরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহত ও আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সূত্র: বিবিসি।

এমআর