Dhaka Mail Logo

আন্তর্জাতিক

দিল্লি ছেয়ে গেছে বিষাক্ত ধোঁয়ায় 

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

দীপাবলী উপলক্ষ্যে ব্যাপক আঁতশবাজি ফুটানোর পরদিন বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। 

আজ রোববার (৮ নভেম্বর) সকালে সেখানকার অনেক জায়গার বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। খবর দ্য উইকের।

সংবাদমাধ্যম দ্য উইক জানিয়েছে, জাহাঙ্গীরপুরি, পাঞ্জাবিবাগ এবং আর কে পুরমের বাতাসের মান ছিল সবচেয়ে খারাপ। অপরদিকে শহরের আশপাশের অঞ্চলের বাতাসের মানও খারাপ।

জাহাঙ্গীরপুরি, পাঞ্জাবিবাগ এবং আর কে পুরমের আরকিউআই লেভেল ৪০০-এর বেশি রেকর্ড করা হয়েছে। এরমধ্যে জাহাঙ্গীরপুরির আরকিউআই লেভেল ৪৫০-এ পৌঁছেছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, যেখানকার বাতাসের আরকিউআই ০ থেকে ৫০ সেটিকে ভালো হিসেবে ধরা হয়।

৫১ থেকে ১০০-কে ধরা হয় সন্তোষজনক। ১০১ থেকে ২০০-কে মাঝারি। ২০১ থেকে ৩০০ খারাপ। ৩০১ থেকে ৪০০-কে খুবই খারাপ। আর ৪০১ থেকে ৫০০-কে ধরা হয় অত্যন্ত খারাপ হিসেবে।

আগামী দুইদিন দিল্লির বাতাসের মান এমন থাকবে বলে সতর্কতা দিয়েছে এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম দিল্লি।

দিল্লির সুপ্রিম কোর্ট দিল্লি শহরে শুধুমাত্র সবুজ আঁতশবাজি ফোটানোর অনুমতি দিয়েছে। 

আদালত নির্দেশনায় বলেছেন, শুধুমাত্র ৭ ও ৮ নভেম্বর আঁতশবাজি ফোটানো যাবে, কিন্তু মধ্যরাতে তা বন্ধ রাখতে হবে। ৯ নভেম্বর থেকে রাজধানীতে সবধরনের আঁতশবাজি ফোটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

-এমএমএস