Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। 

শনিবার (৭ নভেম্বর) ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এপিকে তিনি জানান, সানা প্রদেশের আল-শারিয়া গ্রামে আবাসিক বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। হামলার পর ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছিল, হামলায় প্রথমে ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পরে হতাহতের সংখ্যা বেড়ে ২২ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার খবর জানানো হয়। 

অন্যদিকে হুথিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, হামলায় ছয়টি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চলার সময় আহতদের সহায়তায় এগিয়ে আসা উদ্ধারকর্মীদের লক্ষ্য করেও বিমান থেকে দুই দফা হামলা চালানো হয়েছে। 

সৌদি আরবের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এর আগ গতকাল শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল হুথি কর্মকর্তারা। ওই হামলার জন্য হুথি ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী একে অপরকে দায়ী করেছে।


সূত্র: এপি, আলজাজিরা


এমএইচআর