আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তার ভাতিজা ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) রাতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের সময় তার বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র বাগবিতণ্ডা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে অভিষেকের বাড়িতে যান মমতা। পরে বাড়ির বাইরে মাইক হাতে নিয়ে বক্তব্য দেন তিনি। এ সময় বিজেপির বিরুদ্ধে হামলা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তোলার পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকারও কঠোর সমালোচনা করেন।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নাম উল্লেখ করে মমতা বলেন, তার পদত্যাগ করা উচিত। এ প্রসঙ্গে তিনি সাবেক পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উদাহরণ টানেন। চোরবাগানের একটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তৃণমূল নেত্রী বলেন, ‘অজয় নন্দজি কি আমাকে শুনতে পাচ্ছেন৷ বিনীত গোয়েল নিজে থেকেই পদত্যাগ করেছিলেন, আমরা কিছু করিনি৷ চোরবাগানের ঘটনায় আপনি প্রথমে পদত্যাগ করুন৷ অজয় নন্দ মাস্ট রিজাইন৷’
তিনি বলেন, ‘গভীর রাতে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে তৃণমূল সাংসদের বাড়িতে হামলা চালানো হয়েছে। বাইরে থেকে বিজেপির যে সমস্ত গুন্ডা ও সমাজবিরোধীরা এসেছে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে নিরাপত্তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে’।
মমতার আরও অভিযোগ করেন, তার বাড়ির সামনের এলাকায় হামলার ঘটনা ঘটেছে এবং বেআইনিভাবে রাস্তায় পূজার আয়োজন করতে দেওয়া হয়েছে। অন্যদিকে, যারা আইন মেনে পূজা করতে চেয়েছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাবেক মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর তার বাড়িতে যে কালীপূজা হয়, সেই পুজায় সাধারণ মানুষ ও ভক্তরা যাতে অংশ নিতে না পারেন, তার জন্য পরিকল্পিতভাবে রাস্তা আটকে বেআইনি পুজোর আয়োজন করা হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপি ও প্রশাসনের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, ‘আপনাদের ক'টা বুলডোজার আছে? আমার শরীরের ওপর দিয়ে চালিয়ে দিন। আমি এখানে দাঁড়িয়ে আছি। বিজেপি নির্যাতনের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। রাত ৩টায় কারওর বাড়িতে হামলা চালানোর অধিকার আপনাকে কে দিয়েছে?’
পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।
তিনি বলেন, পুলিশ যদি তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা দেয়, তাহলে আদালতের দ্বারস্থ হবে তার দল। এমনকি পুলিশের বিরুদ্ধে এমন মামলা করার কথাও বলেন, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি আটকে যেতে পারে।
বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন, হামলা ও মামলা করে রাজনৈতিকভাবে বিরোধীদের দমিয়ে রাখার চেষ্টা চলছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি একসময় সংশ্লিষ্টদেরই ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।
সূত্র: আনন্দবাজার, দ্য ওয়াল
এমএইচআর