Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আরব উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম

আরব উপসাগরে তেলবাহী ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এ হামলার ব্যাপারে নিশ্চিত করেছেন জাহাজটির ম্যানেজার।

এমটি ভেলোস নামে ট্যাংকারটি বাহরাইনের দিকে যাচ্ছিল। তখন এটিতে মিসাইল দিয়ে হামলা চালানো হয় বলে জানিয়েছে ভেলোস ট্যাংকার্স।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের এক নাবিকের মৃত্যুর তথ্য জানাচ্ছি। তিনি হামলার পর গুরুতর আহত হন। প্রথমে তিনি নিখোঁজ ছিলেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।’

একজন নাবিক ছাড়া ট্যাংকারের আর কোনো ক্রু আহত হয়নি। এ ছাড়া মিসাইল হামলার প্রভাবে জাহাজে যে আগুন লাগে সেটি ক্রুরা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ ছাড়া হামলার প্রভাবে পরিবেশগত তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

হামলার পর ট্যাংকারটি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করে। কারা এ হামলা চালিয়েছে এখন তা তদন্ত করা হবে। এ ছাড়া জাহাজের বাইরের কাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও নিরূপণ করা হবে।

সাম্প্রতিক সময়ে ইরান আরব ও পারস্য উপসাগর দিয়ে চলা জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে বাহরাইনগামী এ জাহাজটিতে ইরানি সেনারা মিসাইল ছুড়েছে কি না সেটি এখনও নিশ্চিত নয়।

সূত্র: রয়টার্স

এফএ