আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হয়েছে- এমন খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটি বলেছে, এ ধরনের খবর ছড়িয়ে যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, তারাই লাভবান হবে। এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতাও আরও বাড়তে পারে।
শনিবার (৭ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
তিনি বলেন, আলোচনা ব্যর্থ হওয়ার দাবি ছড়িয়ে দেওয়া মূলত যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াতে চাওয়া পক্ষগুলোর স্বার্থে কাজ করছে।
মাজেদ আল-আনসারি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে কাতারের মধ্যস্থতাকারীরা দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছেন এবং আলোচনায় অগ্রগতি আনতে কাজ করছেন।
সূত্র: আল জাজিরা
এসআই