Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইয়েমেনে বাজারে সৌদির বিমান হামলা, হতাহত ৩০ 

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ শহরের একটি জনবহুল বাজারে বিমান হামলা চালিয়েছে সৌদি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি।

আল-মাসিরাহ টিভির তাইজে নিযুক্ত সংবাদদাতার বরাতে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) সকালে চালানো এ হামলায় হতাহত ব্যক্তিদের সংখ্যা প্রাথমিকভাবে ৩০ জনের বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, বাজারটিতে অন্তত তিন দফা বিমান হামলা চালানো হয়েছে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধারে তল্লাশি চলছিল। এ সময়ও আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে ইয়েমেনের রাজধানী সানার হামদান এলাকাতেও ব্যাপক বিমান হামলার খবর দিয়েছে আল-মাসিরাহ। এসব হামলায় দুটি আর্টেসিয়ান কূপ বা গভীর নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া দেশটির সা’দা প্রদেশের মাজজ জেলায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী আশপাশের কয়েকটি জেলায় গোলাবর্ষণ ও রকেট হামলার অভিযোগ করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি।

তবে এসব হামলার বিষয়ে ইয়েমেনের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে সৌদি আরবের পবিত্র অঞ্চল মক্কার আকাশে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি জোট। 

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘মক্কা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত ও এটি ধ্বংস করা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি আল-মালিকি।

তবে মক্কায় ড্রোন ভূপাতিত হওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুথিরা। এরআগেও কয়েক দফায় মক্কা ও মদিনাতে হামলা চালানোর সৌদির কর্তৃপক্ষের দাবিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

সূত্র: আলজাজিরা 

এমএইচআর