Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এক্সের অনুবাদে তারেকের স্থানে হাসিনার নাম, বিব্রত জাপানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদব্যবস্থার ভুলের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের জায়গায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে। এ ঘটনায় কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া। 

শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

আকাজাওয়া জানান, গত ২৮ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজের এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্টভাবেই তারেক রহমানের নাম উল্লেখ করেন এবং বৈঠকের কয়েকটি ছবিও প্রকাশ করেন। কিন্তু পোস্টটির ইংরেজি অনুবাদে তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখানো হয়।

শেখ হাসিনা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারত অবস্থান করছেন। অন্যদিকে তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। ফলে এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে নামের এই পরিবর্তন আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করে।

জাপানের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনুবাদের ভুলের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে, সেটিই জানেন না’। বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন তিনি।

আকাজাওয়া জানান, তার মূল জাপানি পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম সঠিকভাবেই লেখা হয়েছিল। কিন্তু এক্সের স্বয়ংক্রিয় অনুবাদব্যবস্থা সেটিকে ইংরেজিতে ভুলভাবে উপস্থাপন করে। এর ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে অনেকেই তার কাছে ভুলের ব্যাখ্যা জানতে চান।

শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টেও অনুবাদজনিত বিভ্রান্তির বিষয়টি তুলে ধরেন জাপানের এই মন্ত্রী। 

সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে পোস্ট করার সময় জাপানি ভাষায় তার নাম সঠিকভাবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজিতে নামটি ভুলভাবে উপস্থাপিত হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিনামের ক্ষেত্রেও নির্ভরযোগ্য অনুবাদ দিতে না পারলে প্ল্যাটফর্মটির কার্যক্রম মৌলিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন’।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিই একমাত্র ঘটনা নয় বলে জানিয়েছেন আকাজাওয়া। 

‘আমার সাথে তিনবার এমনটা হয়েছে’— করে তিনি বলেন, ‘কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার এক্সে দেওয়া  পোস্টেও একই ধরনের ভুল হয়েছে। ওই পোস্টের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে কুয়েতের তেলমন্ত্রীর পরিবর্তে কাতারের জ্বালানিমন্ত্রীর নাম উঠে আসে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া আগের একটি পোস্টের অনুবাদেও ব্যক্তিনামের ভুল হয়েছিল’। 

আকাজাওয়া বলেন, তিনি ইতোমধ্যে এক্স কর্তৃপক্ষের কাছে অনুবাদের ভুল সংশোধনের অনুরোধ জানিয়েছেন। ভবিষ্যতে যেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম অনুবাদের ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তি না ঘটে, সে জন্য প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদব্যবস্থার উন্নয়ন প্রয়োজনের বিষয়টি তুলে ধরার কথাও জানান তিনি।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

এমএইচআর