আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল ঘোষণার পর দেশটির নাগরিকদের মধ্যে গুগলে বিভিন্ন বিষয়ে ব্যাপক অনুসন্ধান দেখা গেছে।
নির্বাচনি ফলাফল, ডেমোক্র্যাটদের জয় এবং বিভিন্ন প্রার্থীর পাশাপাশি আলোচনায় এসেছে আরবি শব্দ ‘হাবিবি’র অর্থও। খবর হিন্দুস্তান টাইমসের।
বিশেষ করে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল আল-সাইদের বিজয়ী ভাষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ‘হাবিবি’ সম্বোধন করার পর শব্দটির অর্থ জানতে আগ্রহী হয়ে ওঠেন অনেকে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অনুসন্ধান করা বিষয়গুলোর মধ্যে ছিল ‘আলাস্কা সিনেট নির্বাচন’ এবং ‘টেক্সাস সর্বশেষ কবে ডেমোক্র্যাটদের ছিল’। এই দুটি অনুসন্ধানের প্রতিটিই গত ২৪ ঘণ্টায় ১০ লাখের বেশি বার করা হয়েছে।

গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা শীর্ষ ১০ বিষয়ের মধ্যে আরও ছিল ‘ব্লু ওয়েভ ২০২৬’, ‘হাবিবি মিনিং’ বা হাবিবি শব্দের অর্থ, মিসিসিপির নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন প্রার্থীর নাম।
হাবিবি শব্দ নিয়ে এত আগ্রহ কেন: এবারের নির্বাচনে মিশিগান থেকে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। মিশিগানে জন্ম নেয়া এই রাজনীতিকের বাবা-মা মিসরীয় বংশোদ্ভূত।
বিজয়ী ভাষণে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে রসিকতার ছলে বলেন, ‘জেডি, হাবিবি, ব্যাপারটি বেশ কৌতুকের। আগামী জানুয়ারিতে শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্ব তোমার ওপরই রয়েছে।’
ভ্যান্সকে উদ্দেশ করে তার এই বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়। এরপরই ‘হাবিবি’ শব্দটির অর্থ জানতে গুগলে অনুসন্ধান বাড়তে থাকে।
আরবি ভাষায় ‘হাবিবি’ একটি স্নেহসূচক সম্বোধন। সাধারণত প্রিয়জন, বন্ধু বা কাছের কাউকে ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করে এভাবে ডাকা হয়। পুরুষকে সম্বোধনের ক্ষেত্রে ‘হাবিবি’ এবং নারীকে সম্বোধনের ক্ষেত্রে ‘হাবিবতি’ ব্যবহৃত হয়।
গুগলের তথ্য অনুযায়ী, ৪ নভেম্বরের আগে যুক্তরাষ্ট্রে ‘হাবিবি মিনিং’ অনুসন্ধানের পরিমাণ ছিল প্রায় শূন্যের কাছাকাছি। কিন্তু বুধবার শব্দটির অর্থ জানতে আগ্রহ দ্রুত বাড়তে থাকে। গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে অনুসন্ধানের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ‘মিনিং অব হাবিবি’, ‘জেডি হাবিবি’ এবং ‘হাবিবি ভ্যান্স’ ছিল সংশ্লিষ্ট অনুসন্ধানগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
মিশিগান থেকে এ বিষয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে। এরপর ছিল ডেলাওয়্যার ও পশ্চিম ভার্জিনিয়া।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় ধরনের সাফল্য পেয়েছে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যেও দলটির প্রার্থীরা জয় পেয়েছেন।
সব মিলিয়ে, নির্বাচনের রাজনৈতিক ফলাফলের বাইরেও আবদুল আল-সাইয়েদের একটি রসিকতাপূর্ণ সম্বোধন যুক্তরাষ্ট্রে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
একটি আরবি শব্দ কীভাবে নির্বাচনের পর গুগলের শীর্ষ অনুসন্ধানের তালিকায় উঠে আসতে পারে, তারই উদাহরণ হয়ে উঠেছে ‘হাবিবি’।
-এমএমএস