Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহু এখন মার্কিন আইনপ্রণেতাদের 'দু'চোখের বিষ': ইয়ার লাপিদ

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের 'দু'চোখের বিষ' বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। 

আগে ইসরায়েলকে সমর্থন করতেন এমন মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও নেতানিয়াহু ও তার সরকারের নীতির বিরোধিতা বাড়ছে বলে দাবি করেছেন তিনি। এর প্রমাণ হিসেবে ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে সিনেটরদের ক্রমবর্ধমান সমর্থনের কথা উল্লেখ করেন লাপিদ।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

লাপিদের ভাষ্য, মার্কিন আইনপ্রণেতাদের একটি অংশ এখনো ইসরায়েলকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তবে নেতানিয়াহু ও তার সরকারের নীতির প্রতি তাদের বিরোধিতা বাড়ছে।

তিনি জানান, প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যের মধ্যে প্রায় ২৫ জন এবং সিনেটের ১০ শতাংশেরও কম সদস্য ইসরায়েলের ঘোর বিরোধী। 

তিনি বলেন, ইসরায়েলের জন্য আরো বড় সমস্যা হলো, এই গোষ্ঠীর বাইরে থাকা সিনেটরদের মধ্যেও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ আরোপের পক্ষে ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে।

লাপিদের দেওয়া হিসাব অনুযায়ী, দুই বছর আগে ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে ভোট দিয়েছিলেন ১১ জন সিনেটর। এক বছর আগে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ জনে। আর চলতি বছরের এপ্রিলে তা বেড়ে হয় ৪০ জন।

তিনি লেখেন, ‘তারা বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরোধিতা করেন। এমন একটি সরকারের বিরোধিতা করেন, যাদের নীতি তারা বুঝতে পারেন না। আর সবকিছুর ওপরে তারা নেতানিয়াহুর বিরোধিতা করেন। তাদের কাছে নেতানিয়াহুর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই বিষাক্ত।’

ইসরায়েলের পরবর্তী সরকারের প্রতি ওয়াশিংটনে প্রথম সফরেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন লাপিদ।

উল্লেখ্য, গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। 

এর মধ্য দিয়ে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে। ফলে আইন প্রণয়ন ও সরকারের কর্মকাণ্ডের ওপর নজরদারিতে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ল। 

-এমএমএস