Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরানে হামলার জল্পনা উড়িয়ে ‘প্রস্তুত থাকার’ কথা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ এএম

ইরানে নতুন করে হামলার জল্পনা উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যুক্তরাষ্ট্রের আরেক দফা হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি প্রস্তুত, প্রয়োজন হলে হামলা চালাতে আমরা পুরোপুরি প্রস্তুত। তবে এর কোনো প্রয়োজন নাও হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে সাংবাদিক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তোলেন। নেতানিয়াহু জোরালো ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা হতে পারে।

তবে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এখনই হামলার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, আমরা যা চাই, তার সবই যেন পেয়ে যাচ্ছি।

ট্রাম্পের দাবি, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবাহিত হচ্ছে। এ ছাড়া ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ দেশটির অর্থনীতিকে চাপে ফেলছে।

এ পরিস্থিতিকে ‘অসাধারণ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি একটি চমৎকার পরিস্থিতি।

ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা আগাম জানাতে রাজি হননি ট্রাম্প। তবে ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি (৯৭০ পাউন্ড) সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে দেশটির সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে বলে জানান তিনি। এই ইউরেনিয়ামকে ট্রাম্প ‘পারমাণবিক ধুলা’ বলে অভিহিত করেন।

এআরএম