Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বাংলাদেশের পোশাক শ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

বাংলাদেশের পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। 

মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে নতুন নতুন ঘটনা ও পরিবর্তন ঘটেছে। আমরা এসব ঘটনাপ্রবাহের ওপর নজর রাখছি।’

তিনি আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, প্রগতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই;।

সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো’।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করেন এক সাংবাদিক। 

জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে’।

সূত্র: দ্য প্রিন্ট 

এমএইচআর