আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
সোমালিয়ার উপকূলে একটি ইরানি মাছ ধরার জাহাজ ছিনতাই করেছে দেশটির কুখ্যাত জলদস্যুরা। জাহাজটিতে থাকা ২৩ নাবিককেও জিম্মি করেছে সশস্ত্র দস্যুরা। তাদের মধ্যে ২১ জন ইরানি নাবিক এবং দুজন সোমালি নিরাপত্তাকর্মী রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়, গত ২৯ অক্টোবর উত্তর-পূর্ব সোমালিয়ার বান্দার বেইলা ও হাফুন উপকূলীয় শহরের মধ্যবর্তী জলসীমায় ‘আজিনি’ নামের জাহাজটি ছিনতাই করা হয়।
পুন্তল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ১২ জন সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।
ইন্ডিয়ান ওশান মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসিআইও) জানিয়েছে, জাহাজটির ২৩ আরোহীর নিরাপত্তা ও শারীরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংস্থাটি আরও সতর্ক করেছে, জলদস্যুরা জাহাজটিকে ‘মাদার শিপ’ বা ভাসমান ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে আরও হামলা চালানোর আশঙ্কা রয়েছে।
ঘটনাটি তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযান ‘অপারেশন আটলান্টা’। একই সঙ্গে ওই জলসীমায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার এবং সন্দেহজনক তৎপরতা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সোমালিয়ার উপকূল, এডেন উপসাগর ও পশ্চিম ভারত মহাসাগরে জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে।
এপি জানিয়েছে, এপ্রিল থেকে আগস্টের মধ্যে জলদস্যুরা অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে। এর আগে গত সেপ্টেম্বরে ‘এমটি অনার ২৫’ নামের একটি তেলবাহী ট্যাংকার উদ্ধারের অভিযানে পাঁচ নাবিক নিহত হন। ওই ঘটনায় ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়।
বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন করে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি এবং জাহাজ ছিনতাইয়ের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষ করে লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।
সূত্র: এপি
এমএইচআর