Dhaka Mail Logo

আন্তর্জাতিক

হিন্দু সাংবাদিককে বিয়ে করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

ভালোবাসার কাছে যে জাত-কুল-ধর্ম কোনো বাধা নয়, তা আরও একবার প্রমাণ করলেন ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুসলিম হয়েও ভালোবেসে তিনি বিয়ে করলেন হিন্দু ধর্মাবলম্বী সাংবাদিক নিধি রাজদানকে।

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই সুখবর জানান ওমর আবদুল্লাহ। নিধি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’

পোস্টটি নয়া স্ত্রী নিধি রাজদানকে ট্যাগ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। অন্যদিকে সাংবাদিক নিধিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানিয়েছেন।

ওমর আবদুল্লাহকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘হয়ে গেছে।’ বিয়ের একদিন পর অনুসারীদের এ সুখবর জানালেন ওমর আবদুল্লাহ ও তার স্ত্রী।

এদিকে ইন্ডিয়া টুডে‘র খবর বলছে, ওমর আবদুল্লাহর প্রথম স্ত্রীর নাম পায়েল আবদুল্লাহ। মাত্র মাস তিনেক আগেই তাদের বিবাহ বিচ্ছেদের অনুমতি দেন ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই তাদের ডিভোর্স সম্পন্ন হয়।

S

গত ৩১ জুলাই সুপ্রিম কোর্ট বলেন, দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ এবং তাদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তিতে রাজি হওয়ায় বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করা হবে। একে অপরের বিরুদ্ধে করা মামলাগুলোও প্রত্যাহারে রাজি হন তারা।

দিল্লি হাইকোর্ট বিবাহ বিচ্ছেদের আবেদন নাকচ করলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান ওমর আবদুল্লাহ। শুনানির সময় সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আওতায় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তারা।

আদালতে ওমর আবদুল্লাহ ও পায়েল আবদুল্লাহর পক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল জানান, দুই পক্ষ নিজেদের বিরোধ মেটাতে রাজি হয়েছেন।

১৯৯৪ সালে দিল্লির ওবেরয় হোটেলে কাজ করার সময় পরিচয়ের সূত্র ধরে বিয়ে করেন ওমর আবদুল্লাহ ও পায়েল। তাদের দুই ছেলে জহির ও জামির। ২০০৯ সাল থেকে তারা আলাদা থাকছিলেন। 

এরপর ২০১১ সালে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন ওমর আবদুল্লাহ। এর আগে সুপ্রিম কোর্টও পর্যবেক্ষণে বলেছিল, তারা বেশ কয়েক বছর ধরে আলাদা থাকছেন। ওই ঘটনার দীর্ঘ দেড় দশক পর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

এএইচ