আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার এলাকায় আফগান তালেবানের একাধিক সীমান্তচৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলা চালিয়েছে পাকিস্তানের সেনা বাহিনী।
শুক্রবার (৩০ অক্টোবর) পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় আফগানিস্তান থেকে পাকিস্তানের সীমান্তচৌকি ও আবাসিক এলাকায় গুলিবর্ষণ করা হয়। এতে এক স্থানীয় বাসিন্দা নিহত হন এবং একই পরিবারের পাঁচজন আহত হন। সেই হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, ভারী অস্ত্র ব্যবহার করে পরিচালিত পাল্টা অভিযানে আফগান তালেবানের কয়েকটি সামরিক অবস্থান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের মুখে তালেবান সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ সময় আফগান তালেবান সরকারের বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্গুর আড্ডা এলাকায় সংঘর্ষের জবাবে তাদের বাহিনী আফগান পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
মন্ত্রণালয়ের দাবি, অভিযানে আফগান তালেবানের সাতটি চৌকি ধ্বংস করা হয়েছে।
এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানি বাহিনী পাক্তিকা প্রদেশের আঙ্গুর আড্ডা বাজার এবং জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে তারা পাকিস্তানের একটি সামরিক ঘাঁটি ও কয়েকটি সীমান্তচৌকিতে পাল্টা হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান প্রশাসনের মধ্যে কয়েক বছর ধরেই নিরাপত্তা ইস্যুতে টানাপোড়েন চলছে। বিশেষ করে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়ে দুই দেশের বিরোধ ক্রমেই জটিল হচ্ছে।
ইসলামাবাদের অভিযোগ, টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে। পাকিস্তান বারবার কাবুলকে এসব গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে।
এমএইচআর