আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
ভারতের মধ্যপ্রদেশে মাত্র ২০০ রুপির লাকি ড্র কুপন থেকে প্রায় ৫০ লাখ রুপি মূল্যের টয়োটা ফরচুনার এসইউভি গাড়ি জিতেছে ছয় বছরের এক শিশু।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার সিলামপুরা এলাকার এই ঘটনা ঘটে।
মেদাংশ রাইকওয়ার নামের ওই শিশুর দাদি কিরণ রাইকওয়ার ২০২৫ সালে অভাপুরীর শ্রী সরকারধামে আয়োজিত একটি গরবা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে লাকি ড্রয়ের কুপন বিক্রি হচ্ছিল। তিনি মাত্র ২০০ রুপি দিয়ে একটি কুপন কিনে তাতে নাতি মেদাংশের নাম লিখে দেন।
প্রায় এক বছর পর সম্প্রতি সেই লাকি ড্রয়ের ফল ঘোষণা করা হলে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয় মেদাংশের নাম। পুরস্কার হিসেবে সে পায় প্রায় ৫০ লাখ রুপি মূল্যের একটি টয়োটা ফরচুনার এসইউভি। সামান্য অর্থের একটি কুপন যে এত বড় পুরস্কার এনে দেবে, তা ভাবতে পারেনি পরিবারটি।
মেদাংশের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েক বছর ধরেই তাদের নিজেদের একটি গাড়ি কেনার ইচ্ছা ছিল। বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যদের টয়োটা ফরচুনার কেনার স্বপ্ন ছিল। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে এত দামি গাড়ি কেনা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে লাকি ড্রয়ে গাড়িটি জেতার ঘটনা তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে।
এদিকে মেদাংশের জয়ের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও আশপাশের এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়। ঢাকঢোল বাজিয়ে শিশুটিকে স্বাগত জানানো হয়। নতুন গাড়িটি ফুল দিয়ে সাজানো হয় এবং পরিবারের সদস্যরা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উদ্যাপন করেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও এই উদযাপনে যোগ দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ২০০ রুপির কুপনে এত দামি গাড়ি জেতার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর