Dhaka Mail Logo

আন্তর্জাতিক

১৫ বছরে ৩৮ খুন, প্রেমের ফাঁদে ফেলে হত্যার পর খেতেন তাদেরই মাংস!

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

প্রেমের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নারীদের ফাঁদে ফেলতেন। এরপর হত্যা করে খেতেন তাদেরই মাংস। শুধু নারী নয়, এর বাইরেও হত্যার অভিযোগ রয়েছে উগান্ডার কুখ্যাত সিরিয়াল কিলার মুজুরিজি মোসেসের বিরুদ্ধে। এভাবে ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করেন তিনি। সম্প্রতি তাকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উগান্ডার মাসাকা, ইবান্ডা ও কাজো এলাকায় একের পর এক হত্যাকাণ্ডের সঙ্গে মুজুরিজির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

প্রশাসনের দাবি, এসব হত্যাকাণ্ডে একাই জড়িত ছিলেন তিনি। বিভিন্ন সময় গ্রেফতার হলেও কখনো পর্যাপ্ত প্রমাণের অভাবে মুক্তি পেয়েছেন, আবার কখনো কারাগার থেকে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

মুজুরিজির বিরুদ্ধে অভিযোগ, তিনি ধারালো অস্ত্র দিয়ে শিকারদের হত্যা করতেন। কখনো বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের একে একে হত্যা করতেন। হত্যার পর মরদেহের মাংস খেতেন বলেও দাবি করেছে প্রশাসন। তবে এসব অভিযোগের বিস্তারিত তথ্য তদন্ত করে দেখা হচ্ছে।

নারীদের ফাঁদে ফেলতে প্রেমের মিথ্যা প্রতিশ্রুতি দিতেন মুজুরিজি-এমন অভিযোগও রয়েছে। প্রথমে তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলে আস্থা অর্জন করতেন তিনি। পরে একান্তে সময় কাটানোর কথা বলে নিজের বাড়িতে বা ভুক্তভোগীদের বাড়িতে নিয়ে যেতেন। এরপর পরিকল্পনা অনুযায়ী তাদের হত্যা করতেন।

তবে মুজুরিজির টার্গেটে শুধু নারীরাই ছিলেন না। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক রাতেই একটি পরিবারের সব সদস্যকে হত্যার ঘটনাও তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে।

মুজুরিজির বিরুদ্ধে সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটি হলো পেন্টেকোস্টাল ধর্মযাজক স্টিভেন মুগাম্বার পরিবারের সদস্যদের হত্যা। অভিযোগ রয়েছে, ওই পরিবারের বাড়ির দেয়াল ড্রিল করে ভেতরে ঢোকেন তিনি। এরপর বাড়িতে থাকা সবাইকে হত্যা করেন।

সোমবার বিকেলে উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে মুজুরিজির গ্রেফতারের খবর জানান। পোস্টে তিনি মুজুরিজিকে উগান্ডার ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার ও নরখাদক বলে উল্লেখ করেন।

প্রশাসনের দাবি, ৩৮টি হত্যাকাণ্ডের মধ্যে ১৭টির কথা স্বীকার করেছেন মুজুরিজি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেসব আলামত পরীক্ষা করছেন তদন্তকারীরা।

মুহুজি কাইনেরুগাবা জানিয়েছেন, মুজুরিজির বিচার জনসমক্ষে করার পরিকল্পনা রয়েছে। এমনকি তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার কথাও বলেছেন তিনি। তবে আইনগত প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সূত্র: আনন্দবাজার।

এমআর