Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল তেলের

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

বিশ্ববাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতির সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪৯ মিনিটে (জিএমটি) স্পট গোল্ডের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬ দশমিক ৬২ ডলারে দাঁড়ায়। যাদিও আগের সেশনে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়েছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩ ডলারে নেমে আসে। 

মূলত, বুধবার সৌদি আরবের একটি তেল শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়। 

রয়টার্স জানিয়েছে, বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে।  

অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৫ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৬৫ ডলারে লেনদেন হচ্ছে। 

বাজার বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় তুলনামূলক বেশি রাখতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের সুযোগব্যয় বাড়ে, যা মূল্যবান এই ধাতুর দামের ওপর চাপ সৃষ্টি করে।

ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেছেন, ‘তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে বাজার অংশগ্রহণকারীদের প্রত্যাশার চেয়ে ফেড আরও কঠোর নীতি গ্রহণ করতে পারে—এই ঝুঁকি স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে বলে মনে হচ্ছে।’

এদিকে স্বণেৃর সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৫৩২ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২২ দশমিক ২১ ডলারে লেনদেন হচ্ছে।

সূত্র: রয়টার্স

এমএইচআর