আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম
ফিলিস্তিনে নয় মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় ইসরায়েলের জবাবদিহিতা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন।
সিনেটর ক্রিস ভ্যান হোলেন অধিকৃত পশ্চিম তীরে ২০২২ সাল থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারী বা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত নয় মার্কিন নাগরিকের—যাদের মধ্যে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহও রয়েছেন—মৃত্যুর ঘটনায় জবাবদিহিতার দাবি পুনর্ব্যক্ত করেছেন।
নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ভ্যান হোলেন নিহতদের নাম উল্লেখ করেছেন। খবর আল-জাজিরার।
নিহত মার্কিন নাগরিকরা হলেন, ৭০ বছর বয়সী ওমর আসাদ, ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ (আল-জাজিরার সাংবাদিক), ১৭ বছর বয়সী তৌফিক আবদেল জব্বার, ১৭ বছর বয়সী মোহাম্মদ খদুর, ২৬ বছর বয়সী আইসেনুর এজগি, ১৪ বছর বয়সী আমের রাবি, ২০ বছর বয়সী সাইফ মুসাল্লেত, ৪০ বছর বয়সী খামিস আইয়াদ এবং ১৯ বছর বয়সী নাসরাল্লাহ আবু সিয়াম।
এই ব্যক্তিদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে ওই সিনেটর আইনি উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন।

গত মাসে, ইসরায়েলপন্থি মার্কিন সিনেট একটি প্রস্তাব আটকে দেয়, যা পাস হলে পররাষ্ট্র দপ্তরকে এসব মৃত্যু এবং ওই অঞ্চলে সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে কংগ্রেসের কাছে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হতো।
-এমএমএস