আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম
মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব বলেছেন, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী যেই হোন না কেন, ফিলিস্তিনিরা ইসরায়েলি নিপীড়নের শিকার হতেই থাকবেন।
তিনি ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন। খবর আল-জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে মসিলিম নারী কংগ্রেস সদস্য তালিব বলেন, নির্বাচনে নেতানিয়াহুর মতো কোনো যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী হলেন কি-না তা বিবেচ্য নয়, ইসরায়েলি বর্ণবাদী ব্যবস্থার অধীনে বসবাসরত ফিলিস্তিনিরা গণহত্যা, ভূমি চুরি এবং অস্তিত্ব মুছে ফেলার প্রচেষ্টার মুখোমুখি হতে থাকবেন।
তিনি আরও বলেন, আমাদের নেতারা যে মিথ্যা, অজুহাত বা দায়সারা পদক্ষেপ নিচ্ছেন, তা আমরা মেনে নিতে পারি না।
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করতে হবে।
ইসরায়েলে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে- এমন সময়েই মার্কিন এমপির এই মন্তব্য এল।
নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন, আর তার বিপরীতে রয়েছে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম নির্বাচন। গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক হামলা অব্যাহত থাকা অবস্থায়ই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-এমএমএস