আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি যৌথ বৈঠকে বসেছেন ইরানের কর্মকর্তারা।
সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এই বৈঠকে অংশ নিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।
ইরানের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অঞ্চলের জন্য সবচেয়ে জরুরি নিরাপত্তা সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আলোচ্যসূচিতে রয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পরিণতি, ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি, ইয়েমেনের সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার উপায়।
সৌদি আরব এর আগে এক বিবৃতিতে বলেছিল, এই আলোচনার লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধ করা এবং একটি চুক্তির পথ প্রশস্ত করা।
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ইরানের সঙ্গে হুথিদের সম্পর্ক থাকায় এই সংঘাত বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা জোটের গুরুত্বও বেড়েছে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মূল নীতি হলো, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সূত্র: মেহের নিউজ, বিবিসি
এমএইচআর