আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম
এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনামে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং বিশ্বখ্যাত র্যাপার ও পপ তারকা নিকি মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) মিশিগানের পোর্ট হিউরনে ম্যাকমরান প্লেস অ্যারেনায় সেখানে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের পক্ষে প্রচারে অংশ নেন ট্রাম্প। তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪৩ বছর বয়সী র্যাপার নিকি মিনাজ। সমাবেশে যাওয়ার সময় মিনাজ ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানেও ভ্রমণ করেন।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রথমে ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠন নিয়ে কথা বলেন। এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে মিনাজের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘নিকিকে এর চেয়ে বেশি সুন্দর আর কখনো লাগেনি। একটু আগে দারুণ সুন্দর একটি নিতম্ব দেখেছি, এটি চোখ এড়িয়ে যাওয়া কঠিন।’
এরপর ট্রাম্প মিনাজকে দাঁড়াতে বলেন। দর্শকদের উল্লাসের মধ্যে তিনি বলেন, ‘আশা করি, আমার মন্তব্যে মিনাজ অপমানিত বোধ করেননি’।
এসময় মিনাজও ট্রাম্পের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ট্রাম্পের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে আশার সঞ্চার হয়েছে এবং তিনি শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিচ্ছেন। মিনাজ আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করার জন্য উপস্থিত সমর্থকদের প্রতি আহ্বান জানান।
এদিকে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।
সমালোচকদের একাংশের মতে, নির্বাচনী প্রচারের মতো রাজনৈতিক অনুষ্ঠানে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য অপ্রাসঙ্গিক।
সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি
এমএইচআর