Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গাড়িচাপায় হত্যাচেষ্টা: দ্বিতীয় পা-ও হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

অস্ট্রেলিয়ায় গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার শিকার স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইনসের দ্বিতীয় পা-ও অস্ত্রোপচার করে কেটে ফেলতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা। 

বুধবার (২১ অক্টোবর) মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে তার স্বামী ফিল হেইনস এ তথ্য জানিয়েছেন। 

তিনি আরও জানিয়েছেন, স্ত্রী হেলেন এখনো বেঁচে আছেন এবং চিকিৎসকেরা তাকে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। তবে তার সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ ও কঠিন হবে।

এর আগে গুরুতর আঘাতের কারণে সোমবার হেলেনের বাম পা কেটে ফেলতে হয়েছিল। চিকিৎসকেরা ডান পা বাচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বর্তমানে তিনি মেলবোর্নের একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ৬৫ বছর বয়সী হেলেন হেইনস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ইন্ডি আসনের সংসদ সদস্য। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ওয়াংগারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি থেকে জিনিসপত্র নামানোর সময় একটি টয়োটা ল্যান্ডক্রুজার তাকে ধাক্কা দেয়। 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গাড়িচালক প্রথমবার ধাক্কা দেওয়ার পর গাড়িটি পেছনে নিয়ে আবারও তাকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। 

ওয়াঙ্গারাট্টা পুলিশ জানিয়েছে, গুরুতর আহত হেইনসকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মেলবোর্নের একটি হাসপাতালে আকাশপথে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহায়তায় অভিযুক্ত চালককে আটক করা হয়। ঘটনা দেখে পাশের সেলুনের কর্মী রিকি জেফরিস এবং একটি দোকানের কর্মী কোডি লাপোইদেভিন দ্রুত এগিয়ে আসেন। তারা হামলাকারীর পকেট থেকে ছুরি ফেলে দিয়ে পুলিশ আসা পর্যন্ত তাকে মাটিতে চেপে ধরে রাখেন।

এবিসি জানিয়েছে, আটক ব্যাক্তির নাম ব্রেন্ডন নুজেন্ট, যিনি টারাউইনগির বাসিন্দা এবং তার বয়স ৪৩ বছর।

অভিযুক্তের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং একজন ফেডারেল সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন করা হয়নি। মামলার পরবর্তী শুনানির তারিখ ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। 

ইতোধ্যেই দেশটির পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসবাদবিরোধী তদন্তকারীরা ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিশ্চিত করা যায়নি।  

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন হেলেন হেইনস। রাজনীতিতে আসার আগে তিনি নার্সিং, ধাত্রীবিদ্যা ও শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন। জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক আবাসন এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার জন্য তিনি পরিচিত। 

সূত্র: এবিসি নিউজ

এমএইচআর