Dhaka Mail Logo

আন্তর্জাতিক

কিম জং উনের মৃত্যুর গুঞ্জন, নতুন ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর গুঞ্জনের মধ্যেই তার নতুন ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণে প্রথমে কোমায় এবং পরে মৃত্যুবরণ করেছেন কিম— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোদং সিনমুনে প্রকাশিত ছবিতে কিম জং উনকে একটি পোশাক ও জুতা প্রদর্শনী পরিদর্শন করতে দেখা গেছে। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে কিম জু আয়ে।

আরেকটি ছবিতে তাকে প্রদর্শিত পণ্য দেখার পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গতকাল সোমবার (১৯ অক্টোবর) পিয়ংইয়ংয়ে একটি পোশাক ও জুতা প্রদর্শনী পরিদর্শন করেন কিম জং উন। 

এরআগে যুক্তরাষ্ট্রে বসবাসরত চীন-বিরোধী ‘চায়না ডেমোক্রেসি পার্টির’ নেতা ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, কিম জং উন গুরুতর মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছেন এবং কোমায় চলে গেছেন। পরে তাকে চিকিৎসার জন্য চীনের বেইজিংয়ে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

পোস্টে ওয়ানজুন আরও বলেন, বেইজিংয়ের পেকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা উত্তর কোরীয় নেতাকে বাঁচাতে পারেননি। পরে তার মরদেহ গোপনে উত্তর কোরিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

আরেক পোস্টে তিনি দাবি করেন, কিমের মৃত্যুর পর উত্তরাধিকার সংকটের আশঙ্কায় পিয়ংইয়ংয়ে ৯ হাজার সৈন্য পাঠিয়েছে।

প্রসঙ্গত, কিম জং উনের স্বাস্থ্য নিয়ে এর আগেও একাধিকবার গুজব ছড়িয়েছে। ২০২০ সালে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচারের পর তার মৃত্যুর দাবি করেছিলেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা দক্ষিণ কোরিয়ার সাবেক আইনপ্রণেতা জি সিওং-হো। পরে কিম জং উন জনসমক্ষে উপস্থিত হলে সেই দাবি ভুল প্রমাণিত হয়।

সূত্র: এনডিটিভি


এমএইচআর