আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ এএম
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি (ফুটবল) ম্যাচ চলাকালীন মাঠের ভেতর দিয়ে দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনায় অন্তত দুই জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোসেস জানান, দুর্ঘটনায় ৬ বছরের একটি বালক এবং ৩৫ বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহতদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ঘাতক ট্রাকটিতে ওই নারী চালক ছাড়াও আরও দুটি শিশু উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ৩৪ বছর বয়সি নারী চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত কোনো হামলা ছিল নাকি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাপ্টেন মোসেস বলেন, "কীভাবে এবং কেন এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা উদ্ঘাটনে আমরা কাজ করছি।"
উইচিটার পুলিশ প্রধান জো সুলিভান স্থানীয় সাধারণ মানুষের সাহসিকতার প্রশংসা করে জানান, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের জীবন বাঁচাতে যেভাবে এগিয়ে এসেছিলেন তা সত্যিই প্রশংসনীয়।
উইচিটার মেয়র লিলি উ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নগরবাসীকে তদন্ত চলাকালীন ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।