আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২২, ০৪:৫৯ পিএম
চীনের তীব্র বিরোধিতার পরও তাইওয়ান সফরে গিয়েছিলেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। সেই সফরের পরিণতি হিসাবে ক্রমশ উত্তপ্ত হচ্ছে চীন এবং তাইওয়ানের সম্পর্ক। একে অপরের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে দুপক্ষই। এমন পরিস্থিতিতে চীনে ভূয়সী প্রশংসা করছেন পেলোসি- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ওই বক্তৃতায় চীনকে ব্যক্তি স্বাধীনতার নিরিখে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বলে অভিহিত করেন পেলোসি। তাইওয়ান সফরের পর একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন পেলোসি। খবর এনবিসির
সাক্ষাৎকারে পেলোসি বলছেন, 'আমরা এক চীন নীতি সমর্থন করি। মার্কিন নেতৃত্বের তাইওয়ান সফরের একমাত্র উদ্দেশ্য ছিল, চীন-তাইওয়ানের মধ্যে যেন স্থিতাবস্থা বজায় থাকে। ওই অঞ্চলে শান্তি বিঘ্নিত হোক, সেটা একেবারেই আমাদের কাম্য নয়। আমি বলতে চাই, মুক্তচিন্তার প্রেক্ষিতে বিশ্বের অন্যতম সেরা দেশ হলো চীন। সেখানে গণতন্ত্র খুবই শক্তিশালী।'
পেলোসির বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন মার্কিন স্পিকার। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন মার্কিন ডেপুটি স্পিকার ড্রিউ হ্যামিল।
টুইট করে তিনি বলেন, 'স্পিকার আসলে তাইওয়ানের কথা বলতে চেয়েছিলেন। সেখানকার গণতন্ত্রের প্রশংসা করেছিলেন। গত ৩৫ বছর ধরে পেলোসি চীনা কমিউনিস্ট পার্টির নিন্দা করে আসছেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি।'
তবে কী করে মার্কিন সরকারের এক উচ্চপদস্থ নেতা এমন ভুল কীভাবে করতে পারেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
একে