Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পাকিস্তান মিলিটারি একাডেমিতে বাংলাদেশি ক্যাডেটের গৌরবোজ্জ্বল অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ), কাকুলের সমাপনী কুচকাওয়াজে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশি ক্যাডেট রিয়াদ মাহমুদ খান।

পাকিস্তানের মর্যাদাপূর্ণ পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ), কাকুলে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে ১৫৪তম পিএমএ লং কোর্স, ৩৯তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, ৭৩তম ইন্টিগ্রেটেড কোর্স এবং ২৮তম নারী ক্যাডেট কোর্সের প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ বন্ধুপ্রতিম কয়েকটি দেশের ক্যাডেটরা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। এসব দেশের মধ্যে রয়েছে ইরাক, মালদ্বীপ, ফিলিস্তিন, কাতার, শ্রীলঙ্কা, তাজিকিস্তান ও ইয়েমেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও কুচকাওয়াজ পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেনারেল সৈয়দ আমের রাজা। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের রিয়াদ মাহমুদ খান চিফ অব ডিফেন্স ফোর্সেস ওভারসিজ গোল্ড মেডেল অর্জন করেন। তিনি ১৫৪তম পিএমএ লং কোর্সের একজন ক্যাডেট ছিলেন। বিদেশি ক্যাডেটদের জন্য নির্ধারিত এই পদক অর্জন বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

অনুষ্ঠানে আরও কয়েকজন কৃতি ক্যাডেটকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সোর্ড অব অনার, প্রেসিডেন্টস গোল্ড মেডেল, মার্কসম্যান মেডেল, চিফ অব আর্মি স্টাফ কেইন এবং বিভিন্ন কোর্সের সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত পুরস্কার।

বাংলাদেশি ক্যাডেট রিয়াদ মাহমুদ খানের এই অর্জন আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণে বাংলাদেশি ক্যাডেটদের দক্ষতা, মেধা ও পেশাগত সক্ষমতার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।

এমআর