আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম
ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল।
রোববার ভোরে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
এর কিছুক্ষণ আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে রাজধানী রিয়াদ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা ও খামিস মুশাইত শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করে। পরে সংস্থাটি জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
এর আগে শনিবার আল-মালিকি জানিয়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে রিয়াদ অঞ্চল, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দক্ষিণ সৌদি আরবের আকাশে চারটি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করেছে জোটের বাহিনী।
এ ছাড়া জোটের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে উত্তর ইয়েমেনের সা’দা এলাকায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দৃশ্য দেখানো হয়। জোটের দাবি, সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উৎক্ষেপণকেন্দ্র দুটি ধ্বংস করা হয়েছে।
জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এ সময়ে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে হুতি গোষ্ঠী। সূত্র: আনাদোলু এজেন্সি।
এমআর