আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটকের এক দিন পর শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দিল্লি পুলিশ তাঁকে আটক করে।
শনিবার (১৭ অক্টোবর) ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার রুপির বন্ড এবং শান্তি বিঘ্নিত করবেন না—এমন প্রতিশ্রুতির বিনিময়ে তাঁকে মুক্তি দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিজিৎ। সেখানে যাওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে দিল্লির মন্দির মার্গ থানায় নেওয়া হয়। সেখানে একজন ম্যাজিস্ট্রেট গিয়ে তাঁর জামিন মঞ্জুর করেন। এরপর অভিজিৎ থানা থেকে বের হয়ে আসেন।
অভিজিতের সঙ্গে তরুণ নেত্রী নেহা বোরাকেও গতকাল আটক করা হয়েছিল। পরে পুলিশ জানায়, তাঁদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে। আজ সকালে নেহাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, অভিজিৎকে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই দিন অভিজিৎ বিমানে করে দিল্লিতে পৌঁছালে তাঁর দুই সহযোগী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে আটক করা হয়। এক দিন পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পেয়ে অভিজিৎ বাড়িতে চলে যান। অন্যদিকে, আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে গিয়ে ভারতের জাতীয় পতাকা ওড়ান। পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে রিমান্ডে নেয়।
ওই দুজনের গ্রেফতারের প্রতিবাদে অভিজিৎ গতকাল দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেন। তবে সেদিনও সেখানে কাউকে জড়ো হতে দেয়নি পুলিশ।
সূত্র: এনডিটিভি