Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সংবাদমাধ্যমে তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

যুক্তরাষ্ট্র সরকারের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমার মতে, তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত। ঠিক যেমন আগের দিনে আমরা তথ্য ফাঁসকারীদের গুলি করতাম, যখন তারা কোনো দেশে আক্রমণের সময় ফাঁস করে দিত।’ 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বক্তব্যটি মূলত ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর প্রসঙ্গের সঙ্গে সম্পর্কিত। 

ওই সময় বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনে ইরানে মার্কিন সামরিক অভিযানের সময় বোমারু বিমান কখন যাত্রা করবে এবং কখন গন্তব্যে পৌঁছাবে সম্ভাব্য সময় প্রকাশ করেছিল।  

ট্রাম্প অভিযোগ করেন, এ ধরনের তথ্য প্রকাশের ফলে সামরিক অভিযানের গোপনীয়তা নষ্ট হয় এবং মার্কিন সেনাসদস্যদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি বিশেষ করে নিউইয়র্ক টাইমস ও সিএনএনের নাম উল্লেখ করেন।

তিনি আরও দাবি, ওই প্রতিবেদনের কারণে অভিযানটি দুই দিন পিছিয়ে দিতে হয়েছিল। 

এছাড়াও ওই অভিযানের পর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক প্রতিবেদনের তথ্যও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রতিবেদনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল।

সমাবেশে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশেও ট্রাম্প বলেন, ‘সংবাদমাধ্যম কখনো কখনো ভুল তথ্য প্রকাশ করে এবং এ ধরনের কর্মকাণ্ড তথ্য ফাঁসের শামিল’। 

এসময় তিনি তথ্য ফাঁসকারীদের ‘পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ’ বলে অভিহিত করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সরকারি গোপন তথ্য ফাঁস নিয়ে ট্রাম্পের অসন্তোষ নতুন নয়। তার প্রথম প্রেসিডেন্টের মেয়াদেও প্রশাসনের অভ্যন্তরীণ তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। 

সাম্প্রতিক সময়েও ট্রাম্প প্রশাসন সরকারের ভেতরে তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে কর্মকর্তাদের পলিগ্রাফ পরীক্ষার উদ্যোগ নিয়েছে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য প্রকাশের উৎস অনুসন্ধানে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনাও সামনে এসেছে।

সূত্র: আলজাজিরা 


এমএইচআর