আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হিন্দু মন্দিরে ‘নির্বিচারে গুলি চালানোর’ ছক কষার অভিযোগ উঠেছে এক মার্কিন তরুণের বিরুদ্ধে।
আলেকজান্দ্রোস পাপোরাকিস নামে ১৯ বছর বয়সি ওই তরুণকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ধৃত শিকাগোর ইলিনয়ের অরোরা এলাকায় এক মন্দিরে হামলার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
শিকাগোর উপকণ্ঠে অবস্থিত ইলিনয়ের প্যালাটাইনের বাসিন্দা ওই তরুণ এক মার্কিন খাদ্যবিপণি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার ছিলেন।
সংবাদ সংস্থা এপি জানায়, ভারতীয়, ইহুদি এবং আফ্রিকান-আমেরিকানদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব ছিল আলেকজান্দ্রোসের।
নিজের সহকর্মীদের সম্প্রতি আট পাতার একটি ডিজিটাল নথি পাঠিয়েছিলেন তিনি। ওই নথি থেকেই আলেকজান্দ্রোসের মনোভাব স্পষ্ট।
সেখানে ভারতীয়, ইহুদি এবং আফ্রিকান-আমেরিকানদের ‘অমানুষ’ বলে বর্ণনা করেন তিনি। এই তিন জাতিগোষ্ঠীর যত বেশি সম্ভব মানুষকে হত্যার পরিকল্পনার কথাও নথিতে উল্লেখ ছিল বলে এক প্রতিবেদনে জানায় এপি। অভিযুক্ত ‘শ্বেতাঙ্গ আধিপত্যে’ বিশ্বাসী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
আটক যুবকের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়া এবং বেআইনি ভাবে অস্ত্র মজুত রাখার অভিযোগে মামলা রুজু করেছে প্যালাটাইন পুলিশ।
দাবি করা হচ্ছে, অভিযুক্ত তার সহকর্মীদের বলেছিলেন— রোববার (১১ অক্টোবর) ‘একটি বিশেষ দিন’ হতে চলেছে। ঘটনাচক্রে, ওই দিনই গ্রেফতার হন আলেকজান্দ্রোস।
প্যালাটাইন পুলিশ জানিয়েছে, মাউন্ট প্রস্পেক্ট এবং প্যালাটাইন পুলিশ গত রোববার বিকেলে যৌথ ভাবে অভিযান চালায়। ওই অভিযানেই বাড়ির সামনে থেকে গ্রেফতার হন অভিযুক্ত। তদন্তকারীদের সন্দেহ, ওই দিনই মন্দিরে হামলার পরিকল্পনা ছিল ধৃতের।
পুলিশ জানায়, আটক ওই তরুণের বাড়িতে তল্লাশির সময়ে একটি রাইফেল, গুলিভর্তি ম্যাগাজিন, প্রচুর কার্তুজ পাওয়া গিয়েছে।
রাইফেলটির কোনও সিরিয়াল নম্বর ছিল না। দক্ষিণ এশিয়দের প্রতি বিদ্বেষমূলক বেশ কিছু নথিপত্রও উদ্ধার হয়েছে ধৃতের বাড়ি থেকে।
বুধবার স্থানীয় আদালত ধৃতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ৩০ অক্টোবর তাকে ফের আদালতে হাজির করাতে বলা হয়েছে।
-এমএমএস