Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, সেই নির্যাতন বন্ধে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারকে এ ব্যাপারে ব্যবস্থা কার্যকর ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। 

বুধবার (১৪ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে দুর্গাপূজার প্রাক্কালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের দেওয়া একটি সাম্প্রতিক বিবৃতির প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জয়সোয়ালের কাছে ভারত সরকারের অবস্থান জানতে চান। 

ওই বিবৃতিতে দাবি করা হয়েছিল, বিগত তিন মাসে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হত্যাকাণ্ডসহ অন্তত ১৪১টি নিপীড়নের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

এর জবাবে অতীত বা বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের দোষারোপমূলক মন্তব্য না করে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমাদের আশা বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে।’

একই সংবাদ সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতি এবং তার পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের যোগদান নিয়েও প্রশ্ন করা হয়। 

প্রশ্নকর্তা উল্লেখ করেন, এর আগে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচ বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি এবং এবার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

তবে উচ্চপর্যায়ের এই অনুপস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন রণধীর জয়সোয়াল। তিনি সম্মেলনের সামগ্রিক অগ্রগতির বিষয়টি তুলে ধরে বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত এ সম্মেলন শেষে ‘দিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হয়েছে।

সম্মেলনে সন্ত্রাসবাদ, অর্থ পাচার ও মাদক চোরাচালানের মতো আন্তসীমান্ত অপরাধ যৌথভাবে প্রতিরোধে সব সদস্যদেশ একমত হয়েছে। 

সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে জয়সোয়াল আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বিমসটেক দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও জোরদার হবে।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে কড়া পাহারায় সারাদেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা আয়োজনের ঘটনাকে ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, গত জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসের আংশিক চালচিত্র থেকে দেখা যায়, হত্যার ঘটনা ঘটেছে ১৬টি; ধর্ষণ/শ্লীলতাহানির ঘটনা ঘটেছে চারটি; মন্দিরে হামলা ও লুটপাট, জায়গা দখল ও বিগ্রহ ভাঙচুরের ঘটনা ঘটেছে ৩৬টি।

এছাড়া কথিত ধর্ম অবমাননার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে উল্লেখ করে ঐক্য পরিষদ বিবৃতিতে বলেছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে সাতটি। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ১১টি। 

আরও দাবি করা হয়, হামলা, ছিনতাই, ডাকাতি ও মারধরের ঘটনা ঘটেছে ২৬টি। জমি/সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে ১৪টি। অপহরণ, হত্যার হুমকি ও হয়রানির ঘটনা ঘটেছে তিনটি। চাঁদাবাজির ঘটনা ঘটেছে চারটি ও অন্যান্য ঘটনা ১৪টি।

এএইচ