Dhaka Mail Logo

আন্তর্জাতিক

হরমুজের দিকে এগোলেই মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হবে, হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

হরমুজ প্রণালির দিকে আসার চেষ্টা করা সকল মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

আইআরজিসি নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমরা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে হরমুজ প্রণালীর প্রবেশপথে এগিয়ে আসার অপেক্ষায় আছি, যাতে আমরা সেগুলোকে ডুবিয়ে দিতে পারি। এই সংঘর্ষের জন্য ইরানি বাহিনী দিন গোনা শুরু করেছে।’ 

তিনি দাবি করেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের দুর্বলতার কারণে কৌশলগত এই জলপথের কাছাকাছি আসার সাহস পাচ্ছে না। প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে প্রায় ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল দূরে সরে গেছে।

যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আজমায়ি বলেন, হরমুজ প্রণালি খোলা আছে নাকি বন্ধ, তা যাচাই করতে চাইলে মার্কিন বাহিনীকে সরাসরি সেখানে প্রবেশ করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তখন কোন পক্ষ জলপথটির নিয়ন্ত্রণে রয়েছে, তা স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানি এই কমান্ডার আরও দাবি করেন, সম্প্রতি নিষিদ্ধ বা অনুমোদনহীন চলাচলের অভিযোগে দুটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা সম্পর্কে ইরানি বাহিনী তথ্য প্রকাশ করেছে।

আজমায়ি অভিযোগ করেন, এসব ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক অংশীদারেরা সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ সীমিত রাখছে। 

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ আইআরজিসি নৌবাহিনীর হাতে রয়েছে বলেও দাবি করেন আজমায়ি। 

তিনি বলেন, ওমান উপসাগরে দায়িত্ব পালন করছে ইরানের নিয়মিত নৌবাহিনী। এছাড়াও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আইআরজিসি একটি বিশেষ ব্যবস্থা পরিচালনা করছে, যাকে তিনি ‘স্মার্ট কন্ট্রোল’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান

আজমায়ি আরও দাবি করেন, ইরানের জলসীমা ব্যবহার করে দেশটিতে প্রবেশ কিংবা সেখান থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে জাহাজগুলোকে অনুমতি নিতে হয়।

যুদ্ধের শুরুর দিকের তুলনায় বর্তমানে ইরানি বাহিনী আরও বেশি প্রস্তুত বলেও দাবি করেন তিনি।

বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। 

সম্প্রতি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে পরস্পরবিরোধী দাবি করছে ইরান ও যুক্তরাষ্ট্র।

তেহরান বলছে, ইরানের জলসীমা দিয়ে চলাচলের ক্ষেত্রে তাদের নির্ধারিত নিয়ম মানতে হবে এবং অনুমোদনহীন পথ ব্যবহারকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে অবাধ নৌচলাচলের অধিকারের ওপর জোর দিয়ে আসছে।

এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দুই দেশের সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

সূত্র: আনাদোলু, ডন

এমএইচআর