Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ফ্লাইদুবাই কাণ্ডে মালদ্বীপের বাসিন্দা ২ পাইলট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

দুবাই থেকে ইসরায়েলগামী বিমান মাঝ-আকাশে ছিনতাই এবং ধ্বংস করার ঘটনা তদন্তে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

কথিত চক্রান্তে জড়িত থাকার সন্দেহে ফ্লাইদুবাই বিমানসংস্থায় কর্মরত মালদ্বীপের দুই নাগরিককে গ্রেফতার করল সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। 

গত ৩০ সেপ্টেম্বরের ওই ঘটনায় ওমানের বাসিন্দা সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হলেও নিদারুণ সাহসিকতায় বিমানটিকে রক্ষা করেছিলেন প্রধান পাইলট ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছর।

মালদ্বীপের সংবাদমাধ্যম ‘আধাধু’ জানিয়েছে, গত ৩ অক্টোবর ওই দুই পাইলটকে হেফাজতে নেয় আমিরাতের পুলিশ। 

আমিরাতে অবস্থিত মলদ্বীপের দূতাবাসের তরফে ধৃতদের পরিবারকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। তবে মলদ্বীপ প্রশাসন এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

আমিরাত কর্তৃপক্ষও চুপ। অন্য দিকে, মালদ্বীপের সংবাদপত্র ‘মিহারু’র দাবি, ধৃত দুই পাইলটের সঙ্গে অভিযুক্ত ওমানি সহ-পাইলট হামাম আল-হাম্মামির কর্মক্ষেত্রে যোগাযোগ হয়। একই বহুতল ভবনে বসবাসও করতেন তারা।

১৭৪ জন যাত্রী ও বিমানকর্মী নিয়ে দুবাই থেকে তেলআবিব যাচ্ছিল ‘এফজেড১০৭৩’ নম্বরের বিমানটি। মাঝ-আকাশে বিমানটি ছিনতাই করে ধ্বংস করার চক্রান্তে ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান ওমানি সহ-চালক আল-হাম্মামি। 

এলোপাথাড়ি হামলায় গুরুতর আহত হওয়া সত্ত্বেও মচ্ছর প্রাণপণে বাধা দেন এবং কোনও মতে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। 

সঙ্গে সঙ্গে অন্য বিমানকর্মী ও যাত্রীরা ভিতরে ঢুকে অভিযুক্তকে আটকান এবং বিমানটির নিয়ন্ত্রণ ফিরে পান। এর পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

আমিরাতের প্রশাসন গোটা ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। জানা গিয়েছে, আল-হাম্মামি চরমপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং অতীতে ওমান সরকার তাকে পাইলটের লাইসেন্সও দেয়নি। সেই বিধিনিষেধ থাকা সত্ত্বেও ফ্লাইদুবাই-তে তিনি কী ভাবে চাকরি পেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার নেপথ্যে বড়সড় কোনও আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং অ্যান্টি-হাইজ্যাকিং আইনের আওতায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এই সংস্থা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর আহত ক্যাপ্টেন স্মিত মচ্ছর চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতীয় দূতাবাস নিয়মিত মচ্ছরের পরিবার, চিকিৎসক এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে তার শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

-এমএমএস