Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নির্বাচনের পর ভুলব না, হুতিদের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক হামলা জোরদারের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘নির্বাচনের পর আমি সেখানে থাকব এবং কখনোই ভুলব না।’

হুতিরা ইরানের নির্দেশে তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে সৌদি আরবে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘হুতিরা দীর্ঘদিন নীরব থাকার পর আবার সক্রিয় হয়েছে। সম্ভবত ইরানের নির্দেশেই তারা এমনটি করছে। সৌদি আরবে হামলা চালিয়ে তারা ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে।

পোস্টে ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ইরানে মূল্যস্ফীতির হার ৩০১ শতাংশ।

হুতিদের উদ্দেশে ট্রাম্প লেখেন, ‘কেউ একজন তাদের বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি না। আমি ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয়ী হয়েছি। কিন্তু নির্বাচনের পরও আমি থাকব এবং কখনোই ভুলব না।’

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে মধ্যবর্তী নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সামরিক হামলা চালানোর হুমকি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার তিনি হুতিদের আচরণকে ‘খুব খারাপ’ বলে মন্তব্য করেন এবং নভেম্বরের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক হামলা জোরদারের কথা পুনর্ব্যক্ত করেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ বেড়েছে। আগামী ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে প্রেসিডেন্টের দল রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারিত হবে।

ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়া এবং যুদ্ধ ও ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষকে কাজে লাগিয়ে কংগ্রেসের একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার আশা করছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। এমনটি হলে ট্রাম্পের বাকি মেয়াদে তার আইন প্রণয়নের কর্মসূচি বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।

বিভিন্ন জনমত জরিপে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে মার্কিন ভোটারদের অসন্তোষের চিত্র উঠে এসেছে। সাম্প্রতিক এপি-এনওআরসি (AP-NORC) জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ মার্কিন ভোটার মনে করেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ করা সার্থক হয়নি। সূত্র: আল জাজিরা।

এমআর