Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টা, নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ এএম

কলকাতায় বাড়ি থেকে বের হওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এক নারী ছুরি নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। তবে পুলিশ হামলার চেষ্টার কথা উল্লেখ না করে ঘটনাটিকে ‘বাগবিতণ্ডা’ বলে বর্ণনা করেছে। এ ঘটনায় ৩৮ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক দোলা সেন এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগে ওই নারীর নাম তন্নিষ্ঠা সাহা উল্লেখ করা হয়েছে। দোলা সেনের দাবি, ওই নারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগনি বলে পরিচয় দিয়েছেন। তিনি একজন সিভিক ভলান্টিয়ার বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মমতা কালীঘাটের বাড়ি থেকে বের হওয়ার সময় ওই নারী তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তিনি মমতার দিকে মারমুখী হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

সিভিক ভলান্টিয়াররা চুক্তিভিত্তিক কর্মী। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ তাদের নিয়োগ দেয়। যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার কাজে তারা পুলিশকে সহায়তা করেন।

তৃণমূলের মমতাপন্থী অংশের দাবি, ওই নারী মাদকাসক্ত। জেড-প্লাস নিরাপত্তা পাওয়া মমতার বাড়ির কাছে ওই নারী কীভাবে পৌঁছলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। এ ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তারা।

দোলা সেন অভিযোগে লিখেছেন, ওই নারী নেশাগ্রস্ত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মারমুখী হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি তাকে আঘাত করার উদ্দেশ্যে রাস্তায় শুয়ে পড়েন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রের একটি অনুলিপি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে। তিনি লেখেন, একজন মাদকাসক্ত নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে ছুরি নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেছেন। জেড-প্লাস নিরাপত্তা পাওয়া একজন সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনাকে বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র কি না, সেই প্রশ্নও তোলেন সাকেত।

তবে কয়েক ঘণ্টা পর কলকাতা পুলিশ জানায়, ওই নারীর নাম অনুসূয়া সাহা। তার বয়স ৩৮ বছর। পুলিশের বিবৃতিতে বলা হয়, সাবেক মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারী তার মুখোমুখি হন। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই নারীকে আটক করেন। এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর