Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার বন্ধ করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এফএম রেডিও সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবাইব গুফরান জানিয়েছেন, বিবিসির বিরুদ্ধে বারবার নিয়ম লঙ্ঘনের অভিযোগের কারণে আপাতত দেশজুড়ে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে অভিযোগগুলোর প্রকৃতি, সংশ্লিষ্ট কোনো নির্দিষ্ট অনুষ্ঠান কিংবা সম্প্রচারের কোন অংশ নিয়ে কর্তৃপক্ষের আপত্তি রয়েছে, তা প্রকাশ করা হয়নি। 

বিবিসির এক মুখ্যপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের লাখো মানুষ নির্ভরযোগ্য সংবাদ ও তথ্যের জন্য বিবিসির ওপর নির্ভর করেন। ফলে এফএম সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে আফগানিস্তানের শ্রোতাদের তথ্যপ্রাপ্তি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমাধানে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে বিবিসি আফগান সার্ভিস জানিয়েছে, এফএম সম্প্রচার বন্ধ হলেও অন্যান্য মাধ্যমে দেশটির শ্রোতাদের কাছে পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বল্পতরঙ্গ ও মধ্যম তরঙ্গের রেডিও, স্যাটেলাইট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিবিসির সংবাদ ও অনুষ্ঠান শোনা যাবে। পশতু, দারি ও ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশনও চালু রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

১৯৮১ সাল থেকে বিবিসি আফগান সার্ভিস কার্যক্রম চালিয়ে আসছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষামূলক অনুষ্ঠানও এর কার্যক্রমের অংশ। বিশেষ করে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত আফগান মেয়েদের জন্য বিবিসির কিছু শিক্ষামূলক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

এফএম সম্প্রচার বন্ধ হওয়ায় যেসব শ্রোতা ইন্টারনেট বা বিকল্প সম্প্রচারমাধ্যম ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এসব অনুষ্ঠান শোনা কঠিন হয়ে উঠতে পারে। 

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। 

২০২২ সালের মার্চে তালেবান কর্তৃপক্ষ স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোকে বিবিসি, ভয়েস অব আমেরিকা (ভিওএ) ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের কয়েকটি ভাষার সংবাদ বুলেটিন পুনঃপ্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। 

পরবর্তীতে ভিওএ ও রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির আফগান সার্ভিসের এফএম সম্প্রচারেও বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে সাম্প্রতিক সিদ্ধান্তকে আফগানিস্তানে বিদেশি সংবাদমাধ্যমের কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র: রয়টার্স

এমএইচআর