আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
নৌবাহিনী দিবস উপলক্ষে ইরানের এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক এক বার্তার বলেছেন, হরমুজ প্রনালি ও পারস্য উপসাগরে কারও নাক গলানোর অধিকার নেই। এ কাজ শুধুই ইরানের।
আইআরআইবি সংবাদ সংস্থার সূত্রে জানিয়েছে, আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় লিখেছেন, "কোনো আঞ্চলিক-বহির্ভূত শক্তির হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে হুমকি দেওয়ার, আধিপত্যবাদী উপস্থিতি রাখার বা হস্তক্ষেপ করার অধিকার নেই।"
তিনি বলেন, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানির প্রাণশিরা এবং ইসলামি ইরানের কৌশলগত লাল রেখা। এর সুরক্ষা মানে জাতীয় স্বার্থ, জাতির নিরাপত্তা ও ইরানের মর্যাদার সুরক্ষা।
বার্তায় আরও বলা হয়েছে, আইআরজিসির শক্তিশালী নৌবাহিনী ইরানের নিয়মিত সেনাবাহিনীর নৌবাহিনীর সঙ্গে সর্বোচ্চ সমন্বয় ও সহযোগিতায়, নানা ধরনের নির্ভুল-আঘাতকারী ক্ষেপণাস্ত্র, বিস্ময়কর আক্রমণাত্মক ড্রোন, ত্রাসসৃষ্টিকারী দ্রুতগামী নৌযান, ইলেকট্রনিক যুদ্ধ এবং সতর্ক উপকূলীয় প্রতিরক্ষা নেটওয়ার্ক নিয়ে প্রস্তুত।
নিজেদের নিয়ন্ত্রিত জলসীমায় নৌযানের অননুমোদিত চলাচলের চেষ্টা করে ভ্রান্ত হিসাব কষা মোহগ্রস্ত শত্রুকে তারা কঠোর ও দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।
সর্বাধিনায়ক আরও বলেছেন, মার্কিন-ইহুদিবাদী শিবির থেকে আসা যেকোনো হুমকির জবাব দেওয়া হবে এই বাহিনীর সতর্কতা, কমান্ডের ঐক্য ও সর্বাঙ্গীণ প্রস্তুতি দিয়ে।
বার্তার শেষে বলা হয়েছে, হে সাহসী ও ইতিহাস-রচয়িতা নৌসেনারা, আল্লাহর ওপর ভরসা, অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভরতা, জাগ্রত জনগণের সমর্থন এবং আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতিতে বিশ্বাস নিয়ে, সর্বোচ্চ নেতা ও সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যিদ মুজতাবা হোসাইনি খামেনেয়ির নেতৃত্বে, যেকোনো সময় ও যেকোনো রণাঙ্গনে প্রিয় ইরান ও কৌশলগত হরমুজ প্রণালি রক্ষায় প্রস্তুত থাকুন।
-এমএমএস