Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় দেশটির সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোয়েটার নাওয়ান কাল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পাকিস্তান সামরিকবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। নিহত দুই পাইলটের একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী ছিলেন।

এতে বলা হয়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল সেনাবাহিনীর এভিয়েশন শাখার ব্যবহৃত ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান। 

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছে আইএসপিআর। তবে ঠিক কী ধরনের ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় নিহত প্রশিক্ষক পাইলটের নাম মেজর হুসনাইন শেহজাদ হুমায়ুন। অপর পাইলট ক্যাপ্টেন আবদুল সামাদ প্রশিক্ষণার্থী ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। 

পাকিস্তানের সামরিক বিমান দুর্ঘটনার ধারাবাহিকতায় নতুন এই ঘটনা দেশটির প্রশিক্ষণ ও সামরিক বিমান পরিচালনার নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তৈরি করেছে। চলতি বছরের জুনেও দেশটিতে সামরিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

গত জুনে পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হন। একই মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদানে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় পাকিস্তান বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায়ও দুই পাইলট প্রাণ হারান।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার চিলাস এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচজন ক্রু নিহত হন।

সূত্র: ডন

মএইচআর