Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেফতার, মাইক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় একটি মসজিদে উচ্চশব্দে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। মসজিদের লাউডস্পিকারও জব্দ করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (১০ অক্টেবর) বিজনোর জেলার নাজিবাবাদ এলাকায় নাজিবুদ্দৌলা মসজিদে এই ঘটনাটি ঘটেছে। একটি গণশুনানি কর্মসূচিতে যাওয়ার পথে জেলা প্রশাসক উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই মহল্লা মকবরার ওই মসজিদ থেকে উচ্চ শব্দে আজান শুনতে পান। শব্দের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েছে অভিযোগ করে সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন পুলিশ সুপার।

এরপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিবুদ্দৌলা মসজিদের লাউডস্পিকার জব্দ করে এবং ২৩ বছর বয়সী মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করে। তার বিরুদ্ধে শব্দদূষণসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়।

পরে মুয়াজ্জিন ফাইজানকে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

অন্যদিকে এ ঘটনায় ললিত কুমার নামে এক বিট কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় শব্দসংক্রান্ত বিধিনিষেধ কার্যকর রাখার দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও ঘটনার পর বিজনোর জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজ নিজ এলাকার ধর্মীয় স্থাপনায় লাউডস্পিকার ব্যবহারের নিয়ম মানা হচ্ছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। বিট পুলিশ সদস্যদের মাধ্যমে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 

ভবিষ্যতে নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, বিজনোরে ধর্মীয় স্থাপনায় লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে পুলিশের অভিযান নতুন নয়। গত সেপ্টেম্বর মাসেও জেলার বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ২ হাজার ৫০৯টি লাউডস্পিকার সরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে মসজিদ থেকে ১ হাজার ৩২৩টি, মন্দির থেকে ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারা থেকে ৭০টি লাউডস্পিকার সরানো হয় বলে জানিয়েছে পুলিশ।

বিজনোরে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং বলেন, সরকারি নির্দেশনা ও আদালতের আদেশ অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলাজুড়ে অভিযান চলছে। নির্ধারিত সীমার বাইরে শব্দ ছড়ায়—এমন লাউডস্পিকার ধর্মীয় স্থানে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

এমএইচআর