আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ এএম
তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে একটি টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।
রোববার সকালে দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
মানিসার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বাসটি উল্টে পড়ে আছে এবং এর পেছনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। বাসটির পাশে সড়কে নীল রঙের বডি ব্যাগ সারিবদ্ধভাবে রাখা ছিল। কাঠের তক্তা বহনকারী টো ট্রাকটিও উল্টে আছে সড়কে।
সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি নিহত ব্যক্তিদের দেশটির নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওজকান বলেন, ‘পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে দুর্ঘটনাস্থলে কাজ চলছে। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা বেদনাদায়কভাবে উপলব্ধি করছি।’ সূত্র: আল জাজিরা।
এমআর