আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে যুক্তরাষ্ট্রে ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য নিয়ে রাজনৈতিক চাপের মধ্যেই শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘আমি পরামর্শ দেব, তারা এমন একজন নতুন নেতা নির্বাচন করুক, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘কোনো এক কারণে জেলেনস্কি কখনোই তা করেন না।’
মার্কিন প্রেসিডেন্টের দাবি, জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেন তার ভূখণ্ডের ৩০ শতাংশ হারিয়েছে এবং দুই পক্ষ মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। তার ভাষায়, ‘এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’
ট্রাম্পের মন্তব্যের পর জেলেনস্কির পক্ষে অবস্থান নিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জেলেনস্কির প্রতি ইউক্রেনের জনগণের সমর্থন রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই।’
তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে আসা বক্তব্যগুলো কেবল নিশ্চিত করে যে তিনি নিজের দায়িত্ব ঠিকভাবেই পালন করছেন। তার সমর্থন পাওয়া উচিত।’
গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়া থেকে ডিজেল কেনার বিষয়ে একটি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য কমানোর চেষ্টা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধ করতে কয়েক সপ্তাহ ধরেই জেলেনস্কির ওপর চাপ দিয়ে আসছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে ডিজেলের রেকর্ড উচ্চমূল্যের জন্যও ইউক্রেনকে দায়ী করার চেষ্টা করেছেন তিনি। যদিও ইরানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। তিনি বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ওই যুদ্ধ শুরুর কোনো কারণ ছিল না। অযোগ্যতার কারণেই এটি শুরু হয়েছে।’
ট্রাম্পের এসব মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২০ জন নিহত হন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পরও দুই দেশ দূরপাল্লার আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে। তবে সম্মুখযুদ্ধে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসেনি। গত চার দিনে রাশিয়ার ক্রমবর্ধমান বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা।
এমআর