Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আমিরাত উপকূলে ফের বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম

আবারও বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হল পশ্চিম এশিয়ায়। এবার সংযুক্ত আরব আমিরাতে উপকূলে। শারজার কাছে পানামার পতাকাবাহী জাহাজটি নোঙর করা ছিল। 

শুক্রবার (৯ অক্টোবর) জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় জাহাজ এবং জলপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। 

জাহাজটিতে ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের সবাইকেই উদ্ধার করা হয়েছে বলেও মন্ত্রী জানান।

আল জাজিরা-র প্রতিবেদন অনুযায়ী, এমটি জেম নম্বর ২ নামে পানামার ওই জাহাজটি আমিরাত উপকূল থেকে ১৩ নটিক্যাল মাইল পশ্চিমে নোঙর করা ছিল। 

সেই সময়েই ড্রোন হামলা হয়। হামলার পর পরই জাহাজে আগুন ধরে যায়। ভারতের মন্ত্রী সোনওয়াল এই ঘটনা প্রসঙ্গে বলেন, আমাদের নাবিকরা যে সুরক্ষিত রয়েছেন, এটাই স্বস্তির বিষয়। ওই জাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নাবিকদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ইউনাইটে কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, প্রাথমিক ভাবে জাহাজটিকে শনাক্ত করা যায়নি। হামলায় জাহাজের কতটা ক্ষতি হয়েছে, নাবিকদের অবস্থা কেমন, তা-ও জানা যাচ্ছিল না। 

যদিও পরে জানা যায়, সেটি পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কার। তবে কারা হামলা চালিয়েছে, সেই বিষয়টি স্পষ্ট নয়। কোনও পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। 

পশ্চিম এশিয়ায় হরমুজ প্রণালি এবং সংলগ্ন অঞ্চলে বার বার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটছে। ওই অঞ্চলে যাতে বাণিজ্যিক জাহাজগুলিকে নিশানা করা না হয়, তার জন্য বার বার সরব হয়েছে ভারত।

এর আগেও বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাবিকদের হতাহতের ঘটনা ঘটেছে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই অঞ্চলে স্থিতাবস্থা শান্তির পরিবেশ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে নয়াদিল্লি। 

কিন্তু তার পরেও দেখা গিয়েছে বাণিজ্যিক জাহাজগুলিকে নিশানা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে দু’টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটল। 

গত ৬ অক্টোবর হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী জাহাজে হামলা হয়। সেই ঘটনায় ১১ জন ভারতীয় নাবিক আহত হন। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, অক্টোবরের শুরু থেকে সাতটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে।

-এমএমএস