Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বাব এল মান্দেব প্রণালির পুরো নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বাব এল মান্দেব প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। 

এরসঙ্গে প্রণালিতে থাকা পেরিম দ্বীপও পুনর্দখল করেছে তারা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর হুথিরা প্রণালিটির নিয়ন্ত্রণ হারিয়েছে। খবর আল-আরাবিয়ার।

এর আগে এক মাস আগে আকস্মিক অভিযান চালিয়ে বাব এল মান্দেব ও পেরিম দ্বীপ দখল করেছিল তারা।

এরমধ্যে ধুরাব এলাকার কাছে হুথিদের একাধিক যোদ্ধাকে আটক করেছে সরকারি বাহিনী।

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূলে গত সপ্তাহে অভিযান শুরু করে ইয়েমেনি বাহিনী। তাদের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো পুনর্দখল করা, যেখান থেকে বাব এল মান্দেব প্রণালিকে নিয়ন্ত্রণ করা যায়। 

এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। হুথিরা প্রণালিটি দখল করার পর সৌদি আরবের ওপর নৌ-অবরোধ আরোপ করেছিল।

সরকারি বাহিনীর একটি সূত্র শুক্রবার (৯ অক্টোবর) জানিয়েছে, যখন তাদের সেনারা বাব এল মান্দেব নিয়ন্ত্রণে নিচ্ছিল তখন হুথিরা ব্যাপক হামলা চালিয়ে তাদের থামানোর চেষ্টা করে। 

এ সময় মিসাইল ও ড্রোন ছুড়ে বিদ্রোহীরা। তবে তাদের হামলা প্রতিহত করা হয় এবং অপারেশন ডন অব ইয়েমেনের অধীনে লড়াই অব্যাহত থাকে।

বাব এল মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। পেরিম দ্বীপটি প্রণালির ঠিক প্রবেশদ্বারে অবস্থিত। ফলে এটি সেখানকার আঞ্চলিক নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

-এমএমএস