আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দরটির স্থাপনা ও সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিমানবন্দরে দুটি হামলার ঘটনা ঘটে। প্রথম হামলায় বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামিসহ তিন সৌদি নাগরিক নিহত হন। পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিক ও সৌদি বাসিন্দাদের কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর, আবার কেউ সামান্য আঘাত পেয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মোট আহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।
এদিকে নিহত ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামির মৃত্যুতে শোক জানিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স।
সংস্থাটি আরও বলছে, হামলার সময় ক্ষতিগ্রস্ত বিমানটি বিমানবন্দরে মাটিতে অবস্থান করছিল এবং তখন এতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঠিক কীভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে।
গত বুধবারও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদ বিমানবন্দরে পৃথক হামলার ঘটনায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হন। নিহতদের মধ্যে মরক্কো ও আলজেরিয়ার দুই নারী এবং সুদানের এক নাগরিক ছিলেন।
এরআগে গত সপ্তাহে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন।
সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদি আকাশসীমায় ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে আমরা বিশ্বের সকল বিমান সংস্থাকে আবারও সতর্ক করছি, কারণ এটি আমাদের সামরিক অভিযানের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।’
এদিকে হুথিদের এই হামলার প্রভাব সরাসরি রিয়াদের বিমান চলাচলের ওপর পড়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে রিয়াদগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
জার্মান বিমান সংস্থা লুফথানসা এবং এয়ার ইন্ডিয়াসহ ভারতের কয়েকটি বিমান সংস্থাও রিয়াদে তাদের ফ্লাইট পরিচালনায় সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে।
সূত্র: রয়টার্স, ডন
এমএইচআর