Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। তবে ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও একটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিকে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার পর এর কিছু অংশ রাজধানীর বিভিন্ন এলাকায় পড়ে। এর মধ্যে একটি কিন্ডারগার্টেন ও একটি মেডিকেল ক্লিনিক কমপ্লেক্সও রয়েছে। ধ্বংসাবশেষের আঘাতে দুটি স্থাপনাতেই বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয় এবং নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করা হয়।

তবে ওই ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

প্রসঙ্গত, বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সৌদি কর্মকর্তাদের বক্তব্য সচরাচর দেখা যায় না। সাম্প্রতিক সপ্তাহগুলোয় হুথিদের হামলার পরিণতি নিয়ে দেশের কর্মকর্তারা কেবল অল্প কয়েকটি বিবৃতিই দিয়েছেন।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

কয়েকজন কূটনীতিক সতর্কবার্তা পাওয়ার কথা জানিয়েছেন এবং রিয়াদের কিছু স্কুল থেকে অভিভাবকদের কাছে নিরাপদ আশ্রয়ে থাকার নোটিশ দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষ কোনো প্রকাশ্য সতর্কবার্তা জারি করেনি।

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর