Dhaka Mail Logo

আন্তর্জাতিক

হুথি হামলার আতঙ্ক: রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করল ২ ভারতীয় এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে ভারতের এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আগামী ১০ অক্টোবর পর্যন্ত রিয়াদে যাতায়াতকারী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলো। ক্ষতিগ্রস্ত যাত্রীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়েছে।

প্রতিবেদন আরও বলা হয়, বৃহস্পতিবার দিল্লি থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমানও মাঝপথ থেকে দিল্লিতে ফিরে আসে। বিমানটি রিয়াদের দিকে যাওয়ার সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে ফেরত পাঠানো হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে রিয়াদে বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা ১০ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ও রিয়াদ থেকে আগত ফ্লাইট বাতিল করেছি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনামূল্যে যাত্রার সময় পুনঃনির্ধারণ অথবা বাতিলের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেওয়া হবে। আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

বৃহস্পতিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সমর্থিত হুথিরা। রিয়াদের পাশাপাশি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরও হামলা চালায় গোষ্ঠীটি।  

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ ও আভা বিমানবন্দরে পৃথক হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একজন নিহত ও আটজন আহত হন। আভা বিমানবন্দরের হামলায় নিহত হন দুজন এবং আহত হন ২৮ জন।

এরআগে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন। 

সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদি আকাশসীমায় ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে আমরা বিশ্বের সকল বিমান সংস্থাকে আবারও সতর্ক করছি, কারণ এটি আমাদের সামরিক অভিযানের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।’

এদিকে হুথিদের এই হামলার প্রভাব সরাসরি রিয়াদের বিমান চলাচলের ওপর পড়েছে। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যওয়ার-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রিয়াদ থেকে নির্ধারিত ৩৭৮টি বহির্গামী ফ্লাইটের মধ্যে ১৬৯টি বাতিল হওয়ার তথ্য পাওয়া যায়। 

সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে যাত্রীদের যাত্রার আগে নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

এদিকে হুথিদের হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটও পাল্টা সামরিক অভিযান জোরদার করেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী ইয়েমেনের ভেতরে হুথিদের একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি, অস্ত্রাগার ও সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স 

এমএইচআর