আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি বাস স্টপেজ লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়, যেখানে ওই সময় দুটি বাস অপেক্ষা করছিল।
স্থানীয় পুলিশের প্রকাশ করা ছবিতে হামলার পর সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ ও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন হামলার ঘটনাকে বেসামরিকদের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন।
তিনি অভিযোগ করেন, যাত্রীবাহী বাসে হামলা চালালে একসঙ্গে বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে—এ কারণেই এমন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ক্রামাতোরস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। শহরটি এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে যায়নি এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় এর কৌশলগত গুরুত্ব রয়েছে। এই অঞ্চল দখলে নিতে রাশিয়া সাম্প্রতিক সময়ে ড্রোন ও গাইডেড বোমা হামলা জোরদার করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
হামলার পর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কে জননিরাপত্তার স্বার্থে গণপরিবহন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার পরিস্থিতিতে নাগরিকদের চলাচল সীমিত করা ছাড়া তাদের সামনে বিকল্প নেই।
এদিকে বুধবারও ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ভয়ানক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ৭ অক্টোবর বুধবারের এ হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। নিহতদের মধ্যে ৫ জন শিশু।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান কমপক্ষে ২২ জন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র ১২ মাস এবং আরেকজনের বয়স আট বছর। আহতদের মধ্যে আরও সাতজন শিশু রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, এসব হামলায় তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
এমএইচআর