Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আসামে ১৭ জনকে আটক করে বাংলাদেশি দাবি করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গত দু’দিনে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির পুলিশের দাবি, আটকৃতরা সবাই বাংলাদেশি।

বুধবার (৭ অক্টোবর) এই গ্রেফতারের কথা জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস) কুলেন্দ্রনাথ ডেকা।

ডিসিপি ডেকা জানিয়েছেন, গত মঙ্গলবার পল্টন বাজার রেলওয়ে স্টেশনে মুম্বইগামী লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরায় তল্লাশি চালিয়ে চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। 

পুলিশের কাছে আগেই খবর থাকায় ট্রেনে তল্লাশি চালানো হয়। তখনই ওই চার জনের হদিস মেলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেঘালয়ের ডাউকি হয়ে ভারতে অনুপ্রবেশ করেন বাংলাদেশি নাগরিকেরা। 

তার পর সেখান থেকে ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছোন। সেখানে একটি হোটেলে তারা থাকছিলেন।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, গুয়াহাটির একটি হোটেলমালিক তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন। সেখানে কিছু দিন থাকার পর 'অবৈধ ভাবে অনুপ্রবেশ' করা সেই বাংলাদেশি নাগরিকেরা আসাম থেকে ভারতের বিভিন্ন প্রান্তে চলে যান। 

তল্লাশি চালিয়ে সেই হোটেলের খোঁজ পায় পুলিশ। হোটেলমালিক অমিতরাই দইমারি এবং তার তিন সঙ্গী হজরত আলী, বিকাশ পাল এবং রঞ্জন ধরকে গ্রেফতার করা হয়। 

ডিসিপি ডেকা জানিয়েছেন, দইমারির হোটেলে থাকার ব্যবস্থা করতেন হজরত। তিনিই এই চক্রের ‘মূল হোতা’। হজরতকে সাহায্য করতেন বিকাশ এবং রঞ্জন। 

অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে বুধবারেও গুয়াহাটি জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় আরও একটি হোটেল থেকে ১৩ জন 'বাংলাদেশি'কে গ্রেফতার করা হয়।

ডিসিপি ডেকা জানিয়েছেন, ধৃত এই বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তা-ই নয়, আগামী দিনে 'অনুপ্রবেশকারী বাংলাদেশি'দের ধরতে অভিযান আরও জোরালো হবে।

-এমএমএস