আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এনডিটিভি জানিয়েছে, বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় একটি মাছের বাজারের পেছনে অবস্থিত ওই ভবনের সামনের অংশ হঠাৎ ধসে পড়ে। তবে দুর্ঘটনার সময় ভেতরে মোট কতজন ছিলেন, তা এখনো নিশ্চিত নয়।
দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে, ভবন ধসের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দমকলের একাধিক গাড়ি পাঠানো হয়। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।
এক দমকল কর্মকর্তা বলেন, ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাই উদ্ধারকারী দল সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিতদের খোঁজ করছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বহু মানুষ ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে এবং তাদের মধ্যে কেউ কেউ খালি হাতেই ইট-পাথর সরাচ্ছেন। আবার অনেককে তাদের মোবাইলে এই ধ্বংসযজ্ঞের দৃশ্য ধারণ করছেন।
এদিকে এখন পর্যন্ত হতাহতদের সংখ্যা সম্পর্কে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর সীমাপুরি এলাকায় যান চলাচলেও প্রভাব পড়েছে। উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবার কর্মীরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, সে জন্য এলাকাটিতে বিশেষ নির্দেশনা দিয়েছে দিল্লি ট্রাফিক বিভাগ।
দিল্লিতে মাত্র এক মাসের ব্যবধানে আবারও একটি বহুতল ভবনধসের ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরে শহরের সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে সাতজন নিহত হন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর